এম.মুনসুরুল ইসলাম মাসুম শ্রীপুর,গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিএনপি নেতা মোঃ খোরশেদ আলমের ওপর হামলা, মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই এবং তার বোনকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, বরমী ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশাযোগে শ্রীপুর বাজারে যাওয়ার পথে গাড়ারণ দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে একদল লোক তার পথরোধ করে। এ সময় তাকে অটোরিকশা থেকে নামিয়ে লাঠিসোটা, কিল-ঘুষি ও লাথি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
খোরশেদ আলমের দাবি, হামলাকারীরা তার মুখে আঘাত করলে তিনি রক্তাক্ত হন এবং একটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টাও করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় তার কাছ থেকে নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় তার চিৎকার শুনে বোন মোছা. মনোয়ারা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তার পরিহিত কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় এবং গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণের পর খোরশেদ আলম শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
Leave a Reply