এম.মুনসুরুল ইসলাম মাসুম ,শ্রীপুর (গাজীপুর):অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকের স্বার্থ রক্ষা, এস আলাম গ্রুপ ও ফ্যাসিবাদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর কথিত পুলিশি হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (৪ জুন) সকাল ১০টায় মাওনা এলাকায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে ডা: আনিসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ইসলামী ব্যাংকের গ্রাহক মোস্তাফিজুর রহমান খান, আবুল কালাম আজাদ, আবুল হোসাইন, আবু রায়হান মেজবাহ,আফজাল হোসাইন খান, ডঃ হারুন অররশিদ, আব্দুল বাতেন মোল্লা, আমিরুল ইসলাম, আজিজুল হক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা ব্যাংকের পরিচালনায় বিতর্কিত ব্যক্তিদের অপসারণ, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।বক্তারা আরও অভিযোগ করেন, ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর অযৌক্তিকভাবে পুলিশি হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।এ সময় অংশগ্রহণকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।কর্মসূচিতে উপস্থিত গ্রাহকরা বলেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ ও দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply