কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত ফজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮) এবং গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
জানা গেছে, মহিউদ্দিনের হাতে এবং শাহীনের পিঠে গুলি লাগে। বর্তমানে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি ঠিক কোন সীমান্ত এলাকায় ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল জানান, সকালে সংবাদ পেয়ে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কাছ থেকে ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনায় এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন, বিজিবি কিংবা বিএসএফের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।তবে স্থানীয়দের কেউ কেউ জানান, ঘটনাটি সাতক্ষীরা সদর সীমান্তের কুশখালী এলাকা, আবার কেউ কেউ বলছেন বসন্তপুর অথবা বাঁশবাড়িয়া সীমান্ত এলাকায় ঘটতে পারে।
রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল নিশ্চিতভাবে জানা যায়নি।
Leave a Reply